বাংলাদেশের আকাশে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।
পবিত্র ঈদ-উল-ফিতর বুধবার না বৃহস্পতিবার তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার। এ দিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ-উল-ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭,ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।



