Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন টাঙ্গাইলে গৃহবধূ, বাঁচল না কেউ

‘একসঙ্গে ছয় সন্তানের জন্মের খবর পেয়ে পরিবারটি অনেক খুশি হয়েছিল। তবে একে একে সবগুলো সন্তানের মৃত্যু হয়’

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রসূতি একসঙ্গে চারটি ছেলে ও দুটি মেয়ের জন্ম দিয়েছিলেন টাঙ্গাইলের এক গৃহবধূ। তবে অপরিপক্ব হওয়ায় নবজাতকরা জন্মের পরপরই মারা যায়। প্রসূতি সুমনা আক্তার (২৪) বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ-উল-ফিতরের দিন দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পরপর ছয় সন্তান প্রসব করেন সুমনা। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার কালমেঘা কড়ইচালা গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে একই উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের সুমনার বিয়ে হয়। পাঁচ মাস আগে এক গাইনি চিকিৎসক ওই দম্পতিকে জানান- সুমনার গর্ভে চারটি সন্তান বড় হচ্ছে। এরপর থেকে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন সুমনা। ১৫ দিন আগে সুমনার স্বামী সিঙ্গাপুরে চলে যান। বৃহস্পতিবার সকালে সুমনা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর স্বজনরা প্রসূতিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি ছয়টি সন্তান প্রসব করেন।

প্রবাসী ফরহাদের মামা নজরুল ইসলাম বলেন, “পেটে ব্যথা অনুভব করলে সুমনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুমনা ছয় সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই শিশুগুলো মারা যায়। সুমনার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল।”

গড়গোবিন্দপুর উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুমনার মামা শ্বশুর শাহজাহান মিয়া বলেন, “একসঙ্গে ছয় সন্তানের জন্মের খবর পেয়ে পরিবারটি অনেক খুশি হয়েছিল। তবে একে একে সবগুলো সন্তানের মৃত্যু হয়। শিশুদের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। এ দম্পতির আগে কোনো সন্তান নেই।”

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ঢাকা ট্রিবিউনকে বলেন, “ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে আনার পর তিনি ছয়টি সন্তান প্রসব করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব নবজাতকের মৃত্যু হয়।”

   

About

Popular Links

x