Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাশ্যুম নির্মাণ ব্যয় কম ও সহজে স্থানান্তর করা যায়- এমন বাড়ি নির্মাণ করেছেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৩ এএম

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম-এর করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম। পেশায় স্থপতি মেরিনা উদ্ভাবক শ্রেণিতে প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে টাইম।

মেরিনার সঙ্গে তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মাদি ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতো পরিচিতরা।

এছাড়া ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণীতে এই তালিকায় স্থান পেয়েছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাশ্যুম নির্মাণ ব্যয় কম ও সহজে স্থানান্তর করা যায়- এমন বাড়ি নির্মাণ করেছেন।

মেরিনা তাবাশ্যুমকে নিয়ে টাইম লিখেছে, তিনি স্থাপত্যচর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়।

স্থপতি মেরিনা তাবাশ্যুম এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে তৃতীয় হয়ে শীর্ষ দশে স্থান করে নেন তিনি।

ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসেবে ২০১৮ সালে জামিল প্রাইজ পান তিনি। এর আগে, একই নকশার জন্য ২০১৬ সালে পান সম্মানজনক আগা খান পুরস্কার। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়।

   

About

Popular Links

x