Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি উধাও, তিন কর্মকর্তা গ্রেপ্তার

তাদের মধ্যে একজন অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লক্ষ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাখার প্রধান তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সাঁথিয়া থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার কর্মকর্তারা হলেন- অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপ্যাল অফিসার আবু জাফর, ব্যবস্থাপক হারুন বিন সালাম ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। 

ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

থানা ও ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচ কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অডিটে যান কাশিনাথপুর শাখায়। অডিটে শাখায় ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে। অডিট কর্মকর্তা বিষয়টি সাঁথিয়া থানায় জানালে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের ৫৪ ধারার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে। 

অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x