Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিসিএস পরীক্ষা দিতে না পেরে রাস্তায় গড়াগড়ি চাকরিপ্রার্থীর, ভিডিও ভাইরাল

এটি ছিল ওই শিক্ষার্থীর শেষ বিসিএস

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পিএম

একযোগে দেশের আট বিভাগে সম্পন্ন হয়েছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় ২০০ নম্বরের এই পরীক্ষা।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্য বছরের মতো এবারও বিসিএস প্রিলিমিনারির আগে পরীক্ষার্থীদের জন্য বেশকিছু নির্দেশনা জারি করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। যার মধ্যে অন্যতম ছিল পরীক্ষার শুরুর আধাঘণ্টা আগে হলে প্রবেশ করার বিষয়টি।

পিএসসির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে।

তবে পরীক্ষার দেন দেশের বেশকিছু কেন্দ্রে একাধিক পরীক্ষার্থীর নির্ধারিত সময় অর্থাৎ সাড়ে ৯টার পরে পরীক্ষাকেন্দ্রের সামনে যাওয়ার খবর গণমাধ্যমে এসেছে। যদিও পিএসসির নিয়ম মেনে তাদের হলে ঢুকতে দেননি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

রাজশাহীতে দেরিতে কেন্দ্রে যাওয়া এরকমই এক প্রার্থীর আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ওই চাকরিপ্রার্থীর নাম ফাহাদ ফয়সাল। তার বাড়ি নওগাঁয়। তার কেন্দ্র ছিল রাজশাহী নগরের বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমিতে।

তিনি সকাল সকাল ৯টা ৪০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের সামনে আসেন। ততক্ষণে কেন্দ্রের ফটক বন্ধ হয়ে গেছে। একপর্যায়ে পুলিশের বাধা অমান্য করে ফটক টপকে তিনি ভেতরে ঢুকলেও তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

জানা গেছে, এটি ছিল ওই শিক্ষার্থীর শেষ বিসিএস। তাই, পরীক্ষা দিতে পারায় তিনি আরও বেশি হতাশ হয়ে পড়েন। একসময় তিনি রাস্তার ওপরে মাথা ঠুকতে থাকেন, রোদের মধ্যে রাস্তায় গড়াগড়ি দিতে থাকেন।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক নূর আহমেদ মাছুম সাংবাদিকদের বলেন, “কয়েক দিন আগে আমাদের চেয়ারম্যান মহোদয় সব কেন্দ্রসচিবদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং করেছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেওয়া না হয়। এই নির্দেশনাই বাস্তবায়ন করা হয়েছে। ওই পরীক্ষার্থীর আরও আগে আসা উচিত ছিল। তাহলে তিনি পরীক্ষা দিতে পারতেন।”

এদিকে, ওই শিক্ষার্থীর গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা ও রাস্তায় গড়াগড়ির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে ওই চাকরিপ্রার্থীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার সবার প্রতি সময়ানুবর্তী হওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসে আবেদনকারী তিন লাখ ৩৮ হাজার। এই বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া, সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

   

About

Popular Links

x