সুন্দরবনের আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আন্ধারিয়া খাল থেকে উদ্ধার করে করমজল বন্যপ্রানী প্রজননকেন্দ্রে নিয়ে আসেন বনরক্ষীরা।
করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সন্ধ্যায় বাঘের মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন বনরক্ষীরা। প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা এলে ময়নাতদন্ত করা হবে।
সুন্দরবনের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বনরক্ষীরা গেছেন। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে মারা গেছে প্রাণীটি।
তিনি আরও বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাশাপাশি, মৃত্যুর কারণ জানতে বাঘটির বয়সসহ অন্যান্য বিষয়গুলোও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানা গেছে।



