পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ৬ জুন তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন বলে জানা গেছে।
বুধবার দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, বেনজীর আহমেদ সময় চেয়ে কমিশনে একটি আবেদন পেশ করেছেন।
দুদক কমিশনার বলেন, আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।
গত ৩১ মার্চ ‘‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’’ এবং ৩ এপ্রিল ‘‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ফিরিস্তি দেওয়া হয়। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এদিকে, গুঞ্জন উঠেছে তারা কেউই দেশে নেই। যদিও দুদক থেকে তাদের বিদেশযাত্রার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।



