ভারি বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজার পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক এ পাহাড়ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে নাজমুল হাসান (৬)।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ জামান জানান, নিজেদের বসতঘরে ঘুম থেকে উঠে সবাই নাশতার আয়োজন করছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি বসতঘরে পড়লে চাপা পড়েন গৃহবধূ জমিলা। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় বাড়ির মাটির দেওয়ালচাপায় নাজমুল হাসান মারা যায়। পাহাড়ধসে ঘরের মাটির দেওয়ালসহ আসবাবপত্র শিশু হাসানের গায়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কয়েকদিন বন্ধ থাকার পর কক্সবাজারে আবারও ভারি বর্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬ ঘণ্টায় কক্সবাজারে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, কক্সবাজারে বৃহস্পতিবার ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মাঝে ৩টা থেকে ৬টা পর্যন্ত ৮৫ মিলিমিটার আর ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।



