কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজপথ থেকে ফিরে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব ও সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সরকারি চাকরিতে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়ে রায় প্রদানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রবিবার (২১ জুলাই) তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীরা তাদের দাবির চেয়ে বেশি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, "তোমরা দেখেছ ষড়যন্ত্রকারীরা বিটিভিতে হামলা চালিয়েছে, মেট্রোরেল পুড়িয়েছে; তাদের এই পাপের শাস্তি মিরপুর বাসীদের এক বছরের বেশি ভোগ করতে হবে।"
হামলাকারীদের উন্নয়ন বিরোধী উল্লেখ করে তিনি বলেন, "এরা সুযোগ পেলে পদ্মা সেতুও ভেঙে ফেলত।"
তিনি বলেন, "ভালো-খারাপ যাই হোক; শেখ হাসিনাই এ দেশের জন্য সবচেয়ে ভালো বিকল্প। শেখ হাসিনা ছাড়া আর কারও হাতে দেশ নিরাপদ নয়।"
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকার যে পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রকে সম্প্রতি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
এরপর কোটা সংস্কারের দাবিতে "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। যে আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রুপ নেয়। আন্দোলনকারী, সরকার সমরর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঘটে প্রাণহানির ঘটনা। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ কারফিউ জারি করে। করা হয় সেনা মোতায়েন। নির্বাহী আদেশে ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।
সরকারের আপিলের প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকার যে পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।
একইসঙ্গে সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ মেধার ভিত্তিতে কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ৫% মুক্তিযোদ্ধা কোটা, ১% প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা এবং ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নির্বাহী বিভাগ কোটা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে পারবে বলে আদেশে জানিয়েছেন আদালত। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।



মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালু হতে লাগবে এক বছর
সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে