Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউনিসেফ: বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু

ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক বলেন, ‘অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি’

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, “সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।”

শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে সঞ্জয় উইজেসেকেরা বলেন, “জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এছাড়াও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি। সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ।”

বিবৃতিতে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের ওপর যে প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায়। এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না।”

সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম বলে উল্লেখ করেন উইজেসেকেরা।

ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, “যত দীর্ঘ সময় শিশুরা, বিশেষ করে কন্যাশিশুরা স্কুলের বাইরে থাকবে, ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে। এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।”

   

About

Popular Links

x