Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমণ্ডির রাস্তায় পড়ে ছিল ল্যান্ড ক্রুজার, জানা গেল মালিকের নাম

ধানমণ্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় গাড়িটি আনলক অবস্থায় পড়ে ছিল

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম

ঢাকার ধানমণ্ডি এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি। যার আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা। দামি এই গাড়িটি কে-বা কারা রাস্তায় ফেলে রেখে গেছে তা জানা যায়নি।

রবিবার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটিকে র‍্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী এই গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ-২১-৮৪৫৬ এবং টিআইএন নম্বর ৫১১১১১২৫৫০৫৬।

গাড়িটির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী, এটি ২০২২ সালের ৩১ জুলাই বিআরটিএর মিরপুর অফিস থেকে নিবন্ধিত হয়েছে। ফিটনেস মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। এছাড়া, আয়কর নথি অনুযায়ী ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে আয়কর হিসেবে ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে ধানমণ্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় গাড়িটি আনলক অবস্থায় পড়ে ছিল। গাড়ির মালিকের খোঁজ না থাকায় আশেপাশের মানুষজনের সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হয়।

গাড়িটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়েদ কামাল নামের একজন লিখেছেন, “ধানমণ্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রবিবার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চিনেন?”

এদিকে, সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  ইতোমধ্যে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

   

About

Popular Links

x