Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সচিবালয়ের সামনে শতাধিক ঢাবি শিক্ষার্থীর অবস্থান

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন তারা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ ইসমাইলের নামে প্রজ্ঞাপনের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শতাধিক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন তারা।

সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া এক শিক্ষার্থী অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, বিদিশা ম্যাম ও ইসমাইল স্যার প্রো-ভিসি হয়েছেন। কিন্তু এতদিনেও প্রজ্ঞাপন হয়নি। আমাদের দাবির প্রেক্ষিতে গতকাল বিদিশা ম্যামের প্রজ্ঞাপন হয়েছে, ইসমাইল স্যারের প্রজ্ঞাপন না হওয়ায় আমরা সচিবালয়ে এসেছি।”

শিক্ষার্থীরা এর আগে ব্যানার নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ দেখান।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক সায়েমা হক বিদিশা। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সায়েমা হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করার পর যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে শ্রম অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন নীতি নথি এবং সরকারি ফ্ল্যাগশিপ অবজেক্ট তৈরিতেও অবদান রেখেছেন।

এর আগে গত ২৭ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শেখ হাসিনার সরকারের পতনের পর উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনদের পদত্যাগের হিড়িকের মধ্যে কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

   

About

Popular Links

x