Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রেপ্তারের পর রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হক

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন ও শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদিদোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন ও নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ ছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুল্লাহিল কাফীকে ৮ দিনের রিমান্ড দেয় আদালত।
 
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেন। 

আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্রজনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার আরেক আসামি ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন। মামলার ৩ নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা ছাত্র-জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন। মামলার ৫ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র-জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শহীদুল হকের রিমান্ডের আবেদনে বলা হয়, নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এই হত্যার রহস্য উদ্‌ঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

শুনানিতে শহীদুল হক বলেন, “তিনি কোনো হত্যার সঙ্গে জড়িত না। তিনি নিরপরাধ। আদালত শুনানি নিয়ে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

সম্প্রতি শিশু আলিফ অপহরণের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা হয়। এই মামলায় আবদুল্লাহিল কাফীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে আবদুল্লাহ আল মামুনকে এবং উত্তরা থেকে শহিদুল হককে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x