Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিমপুর কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্ত

তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার মামলাটি ছিলো সুইডেন আসলামের সর্বশেষ মামলা

 

 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম (৬২)। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। 

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে মুক্তি পান। বুধবার দুপুর ১২ টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার লুৎফর রহমান জানান, “মঙ্গলবার তার জামিনের কাগজপত্র কারাগারে আসলে কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ পত্র যাচাই বাছাই শেষে রাত ৯টায় তাকে মুক্তি দেন। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার স্বজনরা কারা ফটকে অপেক্ষা করলে তিনি বের হয়ে স্বজনদের সাথে চলে যান।”

খোঁজ নিয়ে জানা যায়, শেখ আসলামের বিরুদ্ধে তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় সর্বশেষ মামলা হয়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। ওই যুবলীগ নেতা হত্যা মামলায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল এ হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র দিলেও বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এ মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে পুলিশ ১৪ জনকে আদালতে হাজির করতে পেরেছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম।

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজা বাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে। ওই সময় সে অল্প সময়ের জন্য সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি নামের সঙ্গে যুক্ত হয়।

   

About

Popular Links

x