Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি দপ্তরে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের নির্দেশ

পানীয়ের জন্য কাচের বোতল ও গ্লাস ব্যবহার করতে বলা হয়েছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তরকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর বিকল্প ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্পগুলো কি হতে পারে তা-ও উল্লেখ করা হয়েছে।

দপ্তরগুলোতে প্লাস্টিক ফাইল এবং ফোল্ডারের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য কাগজ, কার্ডবোর্ড অথবা বাঁশ বা শণের মতো উপকরণ থেকে তৈরি পণ্য ব্যবহারের অনুরোধ করা হয়েছে। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশ মন্ত্রণালয়ের বিভাগগুলোকে তুলা বা পাটের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে পানি ও অন্যান্য পানীয়ের জন্য কাচের বোতল ও গ্লাস ব্যবহার করতে বলা হয়েছে। প্লাস্টিকের পরিবর্তে তুলা, পাট বা বায়োডিগ্রেডেবল উপকরণ দিয়ে তৈরি ব্যানার ব্যবহার করারও অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্র, ভিজিটিং কার্ড ও প্রচারমূলক উপকরণে প্লাস্টিক লেমিনেশন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ল্যামিনেশনের জন্য পুনর্ব্যবহৃত কাগজ বা পরিবেশবান্ধব মুদ্রণ পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সভা ও সেমিনারে পরিবেশন করা খাবারের প্যাকেট কাগজ বা অন্যান্য পরিবেশবান্ধব উপকরণ থেকে তৈরি কি না তা নিশ্চিত করতে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাত্র ব্যবহার না করতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

অফিসে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, কাটলারি এবং অন্যান্য ডিসপোজেবল আইটেম ব্যবহার না করতে বলা হয়েছে। এছাড়া প্লাস্টিকের কলমের পরিবর্তে পেন্সিল বা কাগজের কলম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x