আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, “গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।”
রবিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়াও অন্য যারা আসামি রয়েছেন তারা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।”
চিফ প্রসিকিউর বলেন, “গণহত্যার সব আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার হবে, যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়।”
এক প্রশ্নের জবাব নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, “শেখ হাসিনাসহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ট্রাইব্যুনালের গাজী এম এইচ তামিমসহ অন্যান্যরা।



