সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (২ অক্টোবর) বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে, মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।
এরপর হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
এর আগে, গত বছরের ৬ এপ্রিল তাকে একবার জামিন দিয়েছেলিলেন আদলত। ততে মুক্তির আগেই রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সেই জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১,১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।
এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।



