পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
একইসঙ্গে ভারতীয় হাইকমিশনের বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া পুনরায় নিয়মিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে জোর দেওয়া হয়।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টা তৌহিদ হোসেনের হওয়া বৈঠক প্রসঙ্গ তুলে উপদেষ্টা এবং হাইকমিশনার দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার ওপর জোর দেন।
তারা বাণিজ্য, প্রকল্প এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। হাই কমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সম্প্রতি আপৎকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করবে দেশটি।



