Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়ায় প্রেম, কুমিল্লায় এসে বিয়ের পিঁড়িতে বসলেন ইন্দোনেশীয় তরুণী

বিয়ের আগে সিনতা জন্মগতভাবে খ্রিষ্টধর্ম পালন করতেন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করেন কুমিল্লার আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ ওরফে অপু (৩২) ও ইন্দোনেশিয়ার নাজিফা মুনজারিন ওরফে সিনতা (২৫)। কাজের সূত্রে পরিচয় দুজনের। সেই পরিচয় থেকে শুরু হয় প্রেম। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা দুজন। এরপর দুই পরিবারের সম্মতি নিয়ে সম্প্রতি দুজনেই কুমিল্লায় এসে বিয়ের পিঁড়িতে বসেন।

শুক্রবার (৪ অক্টোবর) কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের বাগিচাগাঁও এলাকার একটি পার্টি সেন্টারে হয় গায়েহলুদের অনুষ্ঠান।

আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার বাসিন্দা। আর নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা।

সিনতা জন্মগতভাবেই খ্রিষ্টধর্ম পালন করতেন। গত ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন তিনি। এরপর ইসলামধর্ম গ্রহণ করে বসেন বিয়ের পিঁড়িতে বসেন।

কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়া গিয়ে সেদেশের রীতিতে তাদের বিয়ের আরেকটি অনুষ্ঠান হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তারা।

নাজিফা মুনজারিন সিনতার ভাষ্য, ইমতিয়াজের পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছে। ইমতিয়াজ মানুষ হিসেবে অসাধারণ। তারা সবার কাছে দোয়া চান। পুরো জীবন একসঙ্গে কাটাতে চান। বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা জানিয়ে ভবিষ্যতে আবারও আসবেন বলে জানান তিনি।

আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ বলেন, “একই কোম্পানিতে কাজ করার সুবাদে একপর্যায়ে ভালো বন্ধুত্ব হয় আমাদের। পরে প্রেমের সম্পর্ক হয়। প্রেম-ভালোবাসাকে সত্যিকারের রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সিনতা মালয়েশিয়ায় থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন। তিনি তার পরিবারকে জানিয়েই বাংলাদেশে এসেছেন এবং পরিবারের সম্মতিতেই আমাকে বিয়ে করেছেন।”

কয়েক দিন বাংলাদেশে থাকার পর ইন্দোনেশিয়ায় ফিরে সেদেশের রীতি অনুযায়ী সিনতার পরিবারের পক্ষ থেকে আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান ইমতিয়াজ।

   

About

Popular Links

x