Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি

সীমান্ত হত্যা বন্ধ ও দায়ীদের শাস্তির আওতায় আনতে বলেছে বাংলাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম

সীমান্ত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

কুমিল্লার মো. কামাল হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ অক্টোবর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা বাংলাদেশি নাগরিক মো. কামাল হোসেন নিহতের ঘটনায় আজ ভারত সরকারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে লিখেছে, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের অব্যাহত আশ্বাসের পরও বিএসএফের হাতে এ ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযাচিত। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সীমান্তরক্ষীদের জন্য বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা-১৯৭৫–এর লঙ্ঘন। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

সীমান্ত হত্যার মতো জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ৭ সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন প্রাণ হারান।

   

About

Popular Links

x