ভারতের বিহার রাজ্যে দুর্গাপূজার প্যান্ডেলে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে ৪ জন আহত হয়েছেন। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে রাজ্যের আরাহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজ্ঞাতনামা বন্দুকধারীরা দুর্গাপূজার প্যান্ডেলে গুলি করে পালিয়ে যায়। তারা ২টি মোটরসাইকেলে করে এসেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি গুলির খোসা উদ্ধার করেছে।
আহত ব্যক্তিরা হলেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহি কুমার। আরমানের পেছনে, সুনীলের বাঁ হাতে, রোশানের ডান হাঁটুর নিচে ও সিপাহির কোমরে গুলি লেগেছে। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং জানান, আহত ব্যক্তিদের মধ্যে ২ জনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আহত সুনীল কুমার যাদব জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে কোনো ধরনের সতর্কতা ছাড়াই তাদের ওপর গুলি ছুড়তে থাকে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উৎসবের মৌসুমে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।



