ঢাকার মুগদা ও মহাখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- জাকির খান (৪৫) ও জিদান (২০)। আহতরা হলেন- শাকিল, শিরিন, রায়হান, আরমান, বাবুল ও রাসেল।
নিহত জাকির খানের বড় ছেলে শাকিল জানান, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার আমতলী এলাকায়। সোমবার রাতে তিনি স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার ভোরে সায়েদাবাদ এসে নামেন। জাকির তাদের নিতে সায়েদাবাদ যান। সেখান থেকে খিলগাঁও নন্দিপাড়া বাসায় যাওয়ার সময় মুগদা স্টেডিয়ামে সামনের রাস্তায় একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। জাকির খানকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মহাখালী ফ্লাইওভারের পাশের সড়কে একটি পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জিদান চালক আরমান এবং পিকআপচালক বাবুল ও হেল্পার রাসেল আহত হন। গুরুতর অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার মাহমুদ বলেন, “দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পিকআপটি নিয়ন্ত্রণ হারালে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা দুইজন আহত হন।”
মো. ফারুক বলেন, “নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”



