Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নভেম্বরে সেন্টমার্টিনে রাতে থাকা যাবে না, ফেব্রুয়ারিতে বন্ধ ভ্রমণ

  • ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন
  • ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পিএম

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চার মাস (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অপূর্ব জাহাঙ্গীর জানান, নভেম্বরে রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না পর্যটকরা। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন, এ সময় রাতেও থাকা যাবে।

তবে ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এছাড়া সেন্টমার্টিনে ওয়ান-টাইম ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, “পরিবেশবান্ধব চিন্তা করে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সিঙ্গেল প্লাস্টিক পুরোপুরিভাবে সেন্টমার্টিন নিয়ে যাওয়া বন্ধ করা হবে।”

দিনে দুই হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, “পর্যটকরা যখন যাবেন তখন নম্বর করা হবে।”

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x