Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোংলায় ২ জাহাজের সংঘর্ষ, জেলে নিখোঁজ

সংঘর্ষের ফলে সৃষ্ট ঢেউয়ের তোড়ে নৌকা থেকে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

মোংলা বন্দরের পশুর চ্যানেলে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজের সঙ্গে কয়লাবাহী একটি লাইটার জাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আব্দুল হালিম ওরফে লোকমান হাওলাদার (১৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলের সন্ধানে পশুর নদসহ আশপাশের নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করছেন মোংলা কোস্টগার্ডের সদস্যরা।

নিখোঁজ হালিম খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন-সংলগ্ন লাউডোব গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোংলা বন্দর শিল্প এলাকায় অবস্থিত ওমেরা জেটিতে বিদেশি বাণিজ্যিক জাহাজ “এমটি এরা স্টার” ১,৯০০ মেট্রিক টন এলপিজি ডিসচার্জ করে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় যাচ্ছিল। পথে পশুর চ্যানেলের জে-৮ রেড বয়ারের কাছাকাছি এলাকায় বিপরীত থেকে আসা কয়লাবাহী লাইটারেজ জাহাজ “এম. ভি মিজানের” সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমটি এরা স্টারের ক্ষতি না হলেও কয়লা বহনকারী লাইটারেজ জাহাজ এম.ভি মিজানের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় বাণিজ্যিক জাহাজ ও লাইটারেজ জাহাজের সংঘর্ষের ফলে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ঘটনাস্থলের অদূরে থাকা একটি নৌকা থেকে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

এদিকে, সংঘর্ষের বিষয়টি বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের মুরিং বোট “এম এল মতি” ও টাগবোট “এম টি শিবসা”। এগুলো ঘটনাস্থলে গিয়ে লাইটার জাহাজটিকে উদ্ধার করে কাইনমারি চরে নিরাপদে নিয়ে আসে। লাইটারেজ জাহাজের সাতজন ক্রু অক্ষত অবস্থায় রয়েছেন।

   

About

Popular Links

x