জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে পাখিদের নিরাপদ বাসা স্থাপনের সুবিধার্থে বিভিন্ন গাছে মাটির হাড়ি বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার অফিস সংলগ্ন মেইন বার্ড লেকের পাড়ের গাছগুলোতে মাটির হাড়ি বেঁধে দেন তারা।
এ বিষয়ে ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, “প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই ও অন্যান্য পাখিদের জন্য কমফোর্টেবল আবাস তৈরির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।”
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতৃবৃন্ধ ও কর্মীরা উপস্থিত ছিলেন।



