সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে নেওয়া হয়। তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম বলেন, “পলক বুকে ব্যথা অনুভব করায় রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ভর্তি রাখার কথা বলেছেন।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। এর পর পর্যায়ক্রমে জুলাই-আগস্টের কয়েকটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয় তাকে। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষ হওয়ায় গতকাল তাকে আদালতে হাজির করে পুলিশ। এদিন যাত্রাবাড়ী থানার পৃথক একটি হত্যা মামলায় ফের তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।



