নদীতে নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এদিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট ফেরিঘাট এলাকায় তিন শতাধিকের বেশি পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, নৌপথের নাব্য স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ নৌ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। নৌপথের চ্যানেল স্বাভাবিক হওয়ায় সোমবার দুপুর ১২টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এই নৌপথে ৫টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার পর উভয় ঘাট এলাকায় তিন শতাধিকের বেশি আটকে পড়া পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার রাত ১১টার দিকে যমুনা নদীতে নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এতে দুর্ভোগে পড়েন মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট প্রান্তে আটকা পড়া তিন শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।
এরও আগে নাব্য সংকটের কারণে ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।



নাব্য সংকটে আবারও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ