Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওলামা ঐক্য পরিষদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

ইসকন কর্তৃক যৌথবাহিনীর ওপর হামলা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশে হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ওলামা ঐক্য পরিষদের আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, “বিগত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসকন নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যৌথবাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ৩ সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর জিপ এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ইসকন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে। আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তারা আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনদের কোনো ধর্মীয় সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- আপনারা ইসকনের ফাঁদে পা দেবেন না। ইতোমধ্যে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের উগ্রপন্থার বিস্তার ঘটাচ্ছে।”

বক্তারা আরও বলেন, “এসব সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু, হিন্দু-মুসলমান সব ধর্মের শত্রু। তাই আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ আজ স্পষ্ট ভাষায় বলতে চাই- অতিসত্বর বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঢাকা ওলামা ঐক্য পরিষদের শুরা সদস্য মো. মিনহাজ উদ্দীন, মাওলানা তাসলীম আহমাদ, মাওলানা শামসুল হক উসমানী, মাওলানা রহমতুল্লাহ আরাবী, মাওলানা সোলাইমান সাদী, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

   

About

Popular Links

x