গত ৫ই অগাস্ট থেকে ২২শে অক্টোবর পর্যন্ত দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সংখ্যালঘু নির্যাতনের এসব মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
শফিকুল আলম বলেন, “সংখ্যালঘু নির্যাতন হিসেবে সে সব উল্লেখ করা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে এসব হামলার বেশিরভাগই রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে। কিন্তু গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয় কী, তা বিবেচনা করা হবে না৷”
দ্রব্যমূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধির কারণে তেলের দাম বেড়েছে। বাজার পর্যবেক্ষণ করে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”
আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।



