১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রতি বছরের মতো এবারও ঢাকার বিভিন্ন পয়েন্টে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জেমসসহ দেশের জনপ্রিয় একঝাঁক তারকা শিল্পী।
ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে “সার্বজনীন কনসার্টের” আয়োজন করেছে “সবার আগে বাংলাদেশ” নামের একটি সংগঠন। এর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা দুপুর ১২টা থেকে।
এই কনসার্টে অংশগ্রহণ করবেন দেশের খ্যাতনামা ২৩ জন সংগীতশিল্পী। কনসার্টের সর্বশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস।
কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। এছাড়াও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে।
এই আয়োজনে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকবে।
এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পাশাপাশি বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে “ভিক্টোরি ফেস্ট ২০২৪”। এই অনুস্থান সকাল ১১টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র।



