ছুটিতে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন কুমিল্লার চান্দিনা থানার কনস্টেবল রুহুল আমিন।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদারমানিক অটোস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে তিনি গুলিদ্ধি হন।
কনস্টেবল রুহুল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, “বাড়ির কাছের অটোস্ট্যান্ড থেকে রাতে বাসায় ফেরার সময় অচেনা কয়েকজন ব্যক্তি রহুল আমিনের বাম হাতে দুটি এবং ঘাড়ে একটি গুলি করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।”
রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, “৩৮ বছর বয়সী কনস্টেবল রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।”
রুহুল আমিন মুন্সীগঞ্জের গজারিয়া থানার আদার মানিক গ্রামের বাসিন্দা। তিনি এক কন্যা সন্তানের জনক। ছুটি শেষে ৫ জানুয়ারি কর্মস্থলে ফেরার কথা ছিল তার।



