শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, “গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”
বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।”
ওসি আল আমিনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।
জানা গেছে, জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল আমিন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসির লাশ থাকার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে। পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান।



