চরমোনাইর পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে বরিশালে চরমোনাই দরবার শরিফে তারা দুজন সাক্ষাৎ করেন। এ সময় তারা এক বৈঠকে মিলিত হন।
জানা গেছে, জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বরিশালে গেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে নারী প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। এরপর বিকেলে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলনে যোগ দেন তিনি।
দুই সম্মেলনের বিরতির ফাঁকে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান শফিকুর রহমান।
এ সময় তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



