Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অব্যাহতি

একইসঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তাকে অব্যাহতি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। একইসঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়ার আদালত এ আদেশ দেন। পরে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মাহমুদুর রহমান ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ, বাংলাদেশের সরকার, শেখ মুজিবুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রদান করেন।

এ বিষয়ে জিআরও আনারুল ইসলাম বলেন, ‘‘২০১৭ সালে দায়ের হওয়া মামলাটির পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আসামির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামি মাহমুদুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।’’

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে অসত্য ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান। এছাড়াও মামলায় আসামির বিরুদ্ধে মানহানির অভিযোগও আনা হয়। এ মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নিলু। পরে আদালত মামলাটি গ্রহণ করে সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

   

About

Popular Links

x