সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ৪ জন সরকার ও রাষ্ট্রপ্রধান, ৪ জন মন্ত্রিপর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ বা সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ডব্লিউইএফ আয়োজিত ৯টি অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ), সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ৮টি আয়োজন এবং আরও দুইটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।



