Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আটক বাংলাদেশি মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হন তারা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।

তারা হলেন, রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২)

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে তাদের ফেরত আনা হয়। মা ও ছেলেকে রাত ৮টার দিকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩-এর ২/এস পিলার এলাকা দিয়ে মা-ছেলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি।

পরে বিকেলে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।

জানা গেছে, আটক মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে বিজিবির সুবেদার মুনরউদ্দীন বাদী হয়ে মা ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, “আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।”

   

About

Popular Links

x