Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে বিকেলে

বিয়ের পর বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে লাখো মানুষের জিকির আসকার, তসবিহ পাঠ ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেছে টঙ্গীর তুরাগ তীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। আর বাদ আসর অর্থাৎ বিকেলে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।

রেওয়াজ অনুযায়ী, বয়ান মঞ্চের মিম্বরের পাশে সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত। একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্ত করার পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বাদ আসর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হবে।

নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই বিশেষ মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন।

আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশ মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি।

   

About

Popular Links

x