Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুঁটিতে বেঁধে চুল কেটে ও মুখে কালি মেখে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ৪

ভুক্তভোগী ওই নারী তার ছেলের সঙ্গে তালাক হওয়া পুত্রবধূকে দেখতে নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলায় ৪৫ বছর বয়সী এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে মাথার চুল কেটে দিয়ে এবং মুখে কালি মেখে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর বিরুদ্ধে তাবিজ–কবজ (জাদু টোটকা) করে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেনেয়ালি গ্রামে এ ঘটনার পর রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। ভুক্তভোগী ওই নারী তার ছেলের সঙ্গে তালাক হওয়া পুত্রবধূকে দেখতে নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঝিকরগাছা উপজেলার বনেয়ালি গ্রামের শিমুল হোসেন, রনি বেগম, পদ্মপুকুর গ্রামের শারমিন আক্তার রুমি ও রহিমা বেগম। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

নির্যাতনের ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই নারীর দুই হাত পিচমোড়া করে লোহার খুঁটির সঙ্গে বাঁধা। চারজন বিভিন্ন বয়সী নারী তাকে জাপটে ধরে রেখেছেন। একজন জোর করে ওই নারীর মাথার চুল কাটছেন। চারপাশে থাকা বিভিন্ন বয়সী নারী-পুরুষ হাততালি দিয়ে এমন পরিস্থিতি উপভোগ করছেন।

ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “তাবিজ-কবজ করে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগে ওই নারীকে নির্যাতন করা হয়েছে। পরে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x