জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুর্নবাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন এ অধিদপ্তরের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্থদের সহায়তা পৌঁছে দেওয়া হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খামারি পরিষদ আয়োজিত খামারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই অধিদপ্তরের মাধ্যমে সকল দপ্তরের সহযোগীতা হতাহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।”
উপদেষ্টা আরও বলেন, “বিল-বাঁওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সতর্ক থাকতে হবে। তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায় দ্রুতই এর সমাধান হবে।”



মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’