অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খানকে একুশে পদকের জন্য মনোনিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তবে অভ্র তৈরির জন্য একা পুরস্কার নিতে চাননি মেহেদী হাসান খান। তাই অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাকি ৩ জনও দলগতভাবে একুশে পদক পাবেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
মেহেদী হাসান খানের পুরস্কার গ্রহণ বিষয়ে ফারুকী তার পোস্টে বলেন, “আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিলো। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করবো।”
অভ্র তৈরির কৃতিত্বে কথা উল্লেখ করে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, “কালকে তার সঙ্গে যখন কথা হয়, তিনি তখনও অসম্মতই ছিলেন। অবশেষে তিনি পুরস্কার নিতে সম্মত হয়েছেন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারা এই অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।”
তিনি আরও বলেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় মেহেদী হাসান খান অভ্র কি-বোর্ড ডেভেলপ করেন। ২০০৩ সালের বিজয় দিবস উপলক্ষে এই কিবোর্ডটি উন্মুক্ত করা হয়। এটিই প্রথম কম্পিউটারে ব্যবহারের জন্য বিনামূল্যের কোনো বাংলা কি-বোর্ড। বিজয় দিবসে উন্মুক্ত হওয়ায় এর স্লোগান হয় “ভাষা হোক উন্মুক্ত।”




একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল