Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপি: ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধের নির্দেশনা পুলিশ দেয়নি

এই উৎসব বন্ধ হওয়ার কারণ ডিএমপির বোধগম্য নয় বলে জানানো হয়েছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম

ঢাকা মহানগর নাট্যোৎসব “বন্ধ বা স্থগিত” করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উৎসব বন্ধ হওয়ার কারণ ডিএমপির বোধগম্য নয় বলে জানানো হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি আমাদের নজরে এসেছে। তবে ডিএমপির পক্ষ থেকে নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যেকোনো সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহ দিই। কী কারণে নাট্যোৎসবটি স্থগিত হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। এই নাট্যোৎসব ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।”

শনিবার বিকাল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।

পুরো ঘটনা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর নাট্য পর্ষদ জানায়, “ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে, গণ-অর্থায়নে যখন উৎসবের সব আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন আমাদের জানানো হলো, উৎসব বন্ধ করতে হবে। বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “শুক্রবার রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এরপরও নাটকের স্বার্থে আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।”

   

About

Popular Links

x