বান্দরবানের লামা উপজেলায় রাবার বাগান থেকে ফের ২২ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালি ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা রাবার বাগান থেকে তাদের অপহরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অপহৃতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে অপহৃতদের সংখ্যা আরো বেশি বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গয়ালমারা রাবার বাগান এলাকায় বাগানে কাজ করতে যায় ২২ শ্রমিক। সেখান থেকে রবিবার দুপুরে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে রাবার শ্রমিকদের ধরে নিয়ে যায়। তবে তারা পাহাড়ের কোন সশস্ত্র সংগঠনের সদস্য তা জানা যায়নি। ঘটনার পর খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, অপহরণের বিষয় শুনেছি, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।



