Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে পাঠানো হলো জরুরি ত্রাণ 

ত্রাণ পাঠানোর সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

রবিবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিমান ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা করে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে ওষুধ, তাঁবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবার জন্য একটি রেসকিউ ও মেডিকেল টিম পাঠানো হয়েছে। দুপুর সাড়ে ১২টায় কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমান ও আর্মি এভিয়েশনের একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান ত্রাণসামগ্রীসহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা দেয়।

ত্রাণ পাঠানোর সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারে সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রস্তুতি পরিদর্শন করেন। 

শুক্রবার স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মিয়ানমারে প্রায় ১,৬০০ জনের বেশি নিহত এবং ৩,০০০ জনের বেশি আহত হন। দেশটিতে খাদ্য, পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।  

   

About

Popular Links

x