মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই মোটারসাইকেলআরোহী।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শরীয়তপুরের জাজিরার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১), একই উপজেলার ইসহাক খাঁর ছেলে আলী খান (২২), কলমঢালীর কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯) ও শিবচরের মিঠুখার মুন্সীকান্দি এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সড়কে বেপরোয়া গতিতে আসা তিন মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেল একদিক দিয়ে, আরেকটি মোটরসাইকেল বিপরীত দিক দিয়ে আসছিল। এ সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আর বেপরোয়া গতির কারণে পাশের মোটরসাইকেলটিও ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন আরও দুজন। নিহতদের পরিচয় মিলেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।”



