Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

সময় যত গড়িয়েছে, ততই ভিড় বাড়তে দেখা গেছে অনুষ্ঠানস্থলে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ এএম

ভোরের স্নিগ্ধ আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। সময় যত গড়িয়েছে, ততই ভিড় বাড়তে দেখা গেছে অনুষ্ঠানস্থলে।

সোমবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে শুরু হয় ঐতিহাসিক এই বর্ষবরণের ৫৮তম আয়োজন। প্রায় ১০ মিনিট চলে রাগালাপের অমৃত সুরের খেয়া।

রাগালাপের পর “নূতন প্রাণ দাও, প্রাণসখা” সম্মেলক গান করেন ছায়ানটের শিল্পীরা। এরপর “তিমির দুয়ার খোলো” একক গান পরিবেশন করেন শিল্পী দীপ্র নিশান্ত। এভাবে একের পর এক রাগালাপ, গান আর আবৃত্তিতে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষকে।

ছায়ানটের এবারের আয়োজনের বার্তা, “আমার মুক্তি আলোয় আলোয়”। যথারীতি অনুষ্ঠান সাজানো হয় নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান ছিল এবারের পরিবেশনায়।  এবারের অনুষ্ঠানসজ্জায় ছিল ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ।

বাংলা বর্ষবরণের এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

   

About

Popular Links

x