Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেয়েলি কণ্ঠে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে যুবককে অপহরণ

সুফিয়ানকে দেখা করার জন্য গোপালগঞ্জে ডাকে রোমান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ পিএম

নিজে ছেলেও হয়েও মেয়ে কণ্ঠে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে। তবে অভিযান চালিয়ে অপহৃত মো. আবু সুফিয়ানকে (২৯) উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অপহৃত রোমান মোল্লাকে (২১)।

উদ্ধার হওয়া আবু সুফিয়ান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত রোমান গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, আবু সুফিয়ানের সঙ্গে মোবাইল ফোনে মেয়েলি কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রোমান। এরপর সুফিয়ানকে দেখা করার জন্য গোপালগঞ্জে ডাকে রোমান। গত শুক্রবার সুফিয়ান দেখা করতে এলে রোমান তাকে নিজ বাড়িতে আটকে রাখে। এরপর সুফিয়ানের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে সে। পরে অভিযোগ পেয়ে প্রযুক্তির সহায়তায় রবিবার (১৩) এপ্রিল দিবাগত রাতে রোমানের বাড়ি থেকে সুফিয়ানকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় রোমানকে।

ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অপহৃত আবু সুফিয়ানকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অপহরণকারী রোমানকেও গ্রেপ্তার করা হয়। রোমান মোল্লা মেয়ে সেজে মোবাইলে কথা বলে আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তিনি আবু সুফিয়ানকে তার বাড়িতে নিয়ে আটক করে রাখেন।”

ওসি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x