Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

পরিবারের দাবি, ভোরে মোবাইলে ফোন করে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বাঁশঝাড় থেকে খায়রুন আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

সোমবার (২১ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের বাঁশঝাড় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার ভোরে দরজা খোলা পেয়ে খায়রুনকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে পাশের ভুট্টাখেতে তার জুতা পড়ে থাকতে দেখেন। এরপর মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে বাঁশঝাড়ে গিয়ে খায়রুনের মরদেহ খুঁজে পান।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে গৃহবধূর স্বামী ধান কাটার শ্রমিকের কাজ করতে কুমিল্লায় গেছেন। খায়রুন বৃদ্ধা শাশুড়ির সঙ্গে ওই বাড়িতে থাকতেন।

খায়রুনের মামা জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, “ভোরে মোবাইল ফোনে ডেকে ঘরের বাইরে এনে আমার ভাগ্নিকে হত্যা করা হয়। পরে ৩০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে লাশ ফেলে রাখা হয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।”

গৃহবধূর শাশুড়ি দবিজান বলেন, “ভোরে খায়রুনের গলার স্বর শুনতে পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দেখি দরজা খোলা। কোন সময় খায়রুনকে বাইরে নিয়ে গেছে, বলতে পারছি না।”

গৃহবধূর ভাই আলমগীর সংবাদমাধ্যমকে জানান, ২০১৭ সালে বোনকে বিয়ে দিয়েছিলেন। বোনের সংসারে কোনো সন্তান নেই। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সামান্য কলহ ছিল। তবে অভাবের সংসারে স্বামী-স্ত্রী দুজনেই পরিশ্রম করতেন। সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তারা। গৃহবধূর স্বামীকে মোবাইল ফোনে খবর দেওয়া হয়েছে। তিনি বাড়িতে আসার জন্য বাসে ওঠেছেন।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (এসআই) দিবাকর অধিকারী বলেন, “ঘটনাস্থল থেকে গৃহবধূর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সিআইডির দল তদন্তে নেমেছে।”

   

About

Popular Links

x