Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেল কিনে না দেওয়ায় খামার ও রান্নাঘরে আগুন দিলো কিশোর

তবে এ ঘটনায় পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম

নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ি-সংলগ্ন খামারটির পাশাপাশি রান্নাঘর পুড়ে গেছে।

রবিবার (২০ এপ্রিল) মনোহরদী উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনা প্রসঙ্গে ওই কিশোরের বাবা বলেন, “আমার ১২৫ সিসির একটি পুরোনো মোটরসাইকেল আছে। সেটি আমার ছেলে মাঝেমধ্যেই ব্যবহার করত। তবে ছয় মাস ধরে সে একটি নতুন মোটরসাইকেলের আবদার করে আসছে। তার এ আবদার পূরণ করতে না পারায় সে রাগ-ক্ষোভ দেখিয়ে আসছিল। তার কয়েকজন বন্ধু নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল চালায়, তাই তাদের সঙ্গে পাল্লা দিতে তারও এখন নতুন মোটরসাইকেল প্রয়োজন বলে জানিয়েছিল।” 

ওই কিশোরের বাবা আরও জানান, রবিবার বিকেলে বিষয়টি নিয়ে ছেলের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। মোটরসাইকেল কিনে না দিলে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়ে সে বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামে বোনের বাড়িতে চলে যায়। পরে রাত ৯টার দিকে সে বাড়ি ফিরে খামার ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খামারের অন্তত ১৮টি মুরগি মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।”

এ ঘটনায় মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছিল। তবে তার বাবা ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অনুরোধে আবার ছেড়ে দেওয়া হয়। তার পরিবার এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি।”

   

About

Popular Links

x