চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও হয়রানির প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এদিন সমাবেশ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড়ে “রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ” এর ব্যানারে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আটকরা হলেন, পরিষদের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক এবং বাসদ চট্টগ্রামের প্রধান আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিরাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন।
পরিষদের সদস্যসচিব মনির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “সমাবেশ শুরুর পরপরই পুলিশ আমাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। কোনো কারণ ছাড়াই পুলিশ এসে আমাদের মারধর করে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে গেছে। পুলিশি হামলায় আমাদের তিন-চার জন আহত হয়েছেন।”
পুলিশের দাবি, অনুমতি ব্যতীত সভা-সমাবেশ নিষিদ্ধ। ওই সমাবেশের পূর্বানুমতি ছিল না। সেখানে উপস্থিত একজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। এছাড়া তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন। তাই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, “তারা কোনো অনুমতি ছাড়া বেআইনিভাবে দেওয়ানহাট মোড়ে যানবাহন বন্ধ করে আন্দোলন করছিল। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।”
জানা গেছে, সারাদেশে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সাত দফা দাবি উত্থাপন করেছিল। যার মধ্যে আছে, নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন।
এর আগে, গত ২৩ এপ্রিল নগরীর চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেশ কয়েকজন ব্যাটারিচালিত রিকশাচালক। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, চলতি এপ্রিল মাসে নগর ট্রাফিক পুলিশের চারটি বিভাগ ৩,১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে। এর মধ্যে সিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগ ৯১৩টি, উত্তর বিভাগ ৯১৮টি, পশ্চিম বিভাগ ১,১৬৮টি এবং বন্দর বিভাগ জব্দ করেছে ১৬৩টি ব্যাটারিচালিত রিকশা। এসব রিকশা সিএমপির মনসুরাবাদ ও সদরঘাটে ডাম্পিং করা হয়েছে।



ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে আহত দুই পুলিশ সদস্য