Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে মেস থেকে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ছিলেন ওই নারী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ মেস থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সূত্রাপুর থানা এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পেছনের একটি মেস থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মিটফোর্ড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ড. রাজীব জানান, সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী মারা গেছেন ।

ওই শিক্ষার্থীর সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় ওই যুবককে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার নাম ইয়াসিন মজুমদার।

নিহত শিক্ষার্থীর সঙ্গে ওই মেসে থাকতেন সোনালী সাহা। তিনি বলেন, “আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে হাসপাতালে এসেছি।”

সহপাঠীদের দাবি, আটক যুবকের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড.ঝুমুর বলেন, “মেয়েটা সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গেই ছিল। এরপরই শুনি সে আত্মহত্যা করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x